
শেরপুর : করোনায় সংক্রমিত স্বামীর মৃত্যুর চার ঘণ্টা পর শ্বাসকষ্টে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর নাম মো. রফিকুর রহমান (৬৩) ও স্ত্রীর নাম আম্বিয়া খাতুন (৫০)। তারা শেরপুর শহরের মাধবপুর এলাকার বাসিন্দা।
করোনায় সংক্রমিত রফিকুর রহমান বুধবার (৯ ডিসেম্বর) সকাল ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে মারা যান। আম্বিয়া খাতুন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে একই দিন সকাল ১০টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে মারা যান।
রফিকুর শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং কসমেটিকস ও স্টেশনারি পণ্যের ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী আম্বিয়া ছিলেন গৃহিণী। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে।
মৃত রফিকুরের ছোট ভাই শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান তার বড় ভাই ও ভাবির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তার বড় ভাই রফিকুর রহমান দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তার করোনা শনাক্ত হয়। পরে তাকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ওই হাসপাতালেই তিনি মারা যান। অন্যদিকে তার ভাবি আম্বিয়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার গভীর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।