
এন এ জাকির, বান্দরবান : বান্দরবান পৌরসভা নির্বাচনে যাছাই-বাছাই শেষে ৫ মেয়র প্রার্থী ৩৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৭ মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৩ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ রেজাউল করিম।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন অফিসের সভা কক্ষে যাছাই-বাছাই শেষে প্রার্থীদের সামনে বৈধদের তালিকা ঘোষনা করা হয়। বাতিলকৃত প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কাশেম ও সুকুমার দাশ এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরিফুর রহমান চৌধুরী।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে ঋণ খেলাপির দায়ে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া বাকী প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিলকৃতরা আগামী ৩ দিনের মধ্যে আপিল করতে পারবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে ৫জন মেয়র প্রার্থী ও ৩৫জন সাধারণ কাউন্সিলর এবং ৭জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারী প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ জানুয়ারী প্রতীক বরাদ্ধের মাধ্যমে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৪ ফের্রুয়ারী বান্দরবান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। কথা রয়েছে। এতে মেয়র প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র মোহাম্ম জাবেদ রেজা, জাতীয় পাটির মো: শাহজাহান, এবং স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম ও বিধান লালা।