
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজী নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের তিন শিক্ষার্থী এ বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ৪ এপ্রিল রবিবার প্রকাশিত মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফলে প্রাপ্ত তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওই কলেজ থেকে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- সুজন মিয়া (ঢাকা মেডিকেল কলেজ), বাধন চন্দ্র রুদ্র (দিনাজপুর মেডিকেল কলেজ) এবং ফেরদৌস ওয়াহিদ (গোপালগঞ্জ মেডিকেল কলেজ)। ফলে মেডিকেল কলেজে ভর্তির দিক থেকে নালিতাবাড়ীর সেরা কলেজ হিসেবে স্থান পেয়েছে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ।
এছাড়াও শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ থেকে দুই শিক্ষার্থী এবং সরকারী নাজমুল স্মৃতি কলেজ থেকে আরও এক শিক্ষার্থী এ বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এরা হলো- হীরা (শেরেবাংলা মেডিকেল কলেজ-বর্তমানে নটরডেমে অধ্যয়নরত), মল্লিকা (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) এবং রিতু (জামালপুর মেডিকেল কলেজ)। এছাড়াও বরুয়াজানি মুক্তিযোদ্ধা কলেজ থেকে অনিক ওয়েটিং লিস্টে রয়েছে।
নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান মুক্তা জানান, ২০১১ সালে অজপাড়াগায়ে প্রতিষ্ঠিত কলেজটি ২০১২ সালে শিক্ষা কার্যক্রম চালুর পর থেকে ফলাফলের দিক থেকে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। শুধু তাই নয়, গত টানা তিন বছর ধরে এইচএসসি পরীক্ষার ফলাফলে নালিতাবাড়ী উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে চলেছে। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়া সত্বেও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রয়েছে। বর্তমানে এখানে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ৪৯৯ জন এবং অনিয়মিত শিক্ষার্থী রয়েছে প্রায় সাড়ে তিনশ’র অধিক।