
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী): মৎস্য বন্দর মহিপুরে ভূমি বন্দোবস্তের নামে ম্যানগ্রোভ প্রজাতির গাছ কেটে নদীর চর দখল, কারোরই তোয়াক্কা না করে সরকারী খাস জমিতে বহুতল ভবন নির্মাণ, ঐতিহ্যবাহী খাস পুকুরে পাকা স্থাপনা নির্মাণ, প্রবাহমান নদীতে অবাধে প্রাচীর তুলে জমি বিক্রি- দীঘর্দিন ধরে এমন কার্যক্রম অব্যাহত থাকলেও সংশ্লিস্ট কর্তৃপক্ষ রয়েছে উদাসীনতায়। এলাকাবাসীর অভিযোগ, স্বার্থ সংশ্লিষ্ট এক অসাধু সরকারী কর্মকর্তার যোগসাজোশেই বন্ধ হচ্ছে না সরকারী সম্পত্তি ও নদী দখলের এ মহোৎসব।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিপুর সদর ইউপির নজীবপুর ৫নং ওয়ার্ডে জমি বন্দবস্তের নামে বিশাল এলাকাজুড়ে ভেকু (স্কেভেটর) দিয়ে মাটি কেটে একাধিক স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। পাশাপাশি বিশালাকৃতির শতশত ম্যানগ্রোভ প্রজাতির গাছ কেটে শিব বাড়িয়া নদীর চরে মাটি কেটে একের পর এক বাঁধ নির্মাণ করে দখল করা হচ্ছে। এসব দখলদার ভূমি খেকোদের দাবী, সরকারী বন্দোবস্ত পেয়েই তারা ঘরবাড়ি নির্মাণ করছেন।
সচেতন মহলের অভিযোগ, কোনো ধরণের সীমানা নির্ধারণ না করেই কেনো দখল করা হচ্ছে জানতে চাইলে কোনো সদুত্তোর পাওয়া যায়নি।
অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ঐতিহ্যবাহী পুকুর দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা ভবন। দখলদারদের দাবী, সংশ্লিষ্ট অফিসে বন্দোবস্ত পাওয়ার আবেদন করেই পাকা বসতঘর নির্মাণ করছেন তারা।
অন্যদিকে স্থানীয় বিপিনপুর কলবাড়ি এলাকায় শিববাড়িয়া নদীর মধ্যেই প্রাচীর তুলে চলছে দখল সন্ত্রাস। কোনো ধরণের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ভয়াবহ এ দখলদারীত্বে চিন্তিত করে তুলেছে স্থানীয়দের।
এমনও অভিযোগ রয়েছে, স্থানীয় একটি ভূমিদস্যু সিন্ডিকেট দেয়াল তুলে নদী দখল করে বিক্রি করে দিয়েছে কলাপাড়ার এক প্রভাবশালী-ক্ষমতাশালী নেতার কাছে।
প্রভাবশালী ওই ব্যক্তি জানান, দেয়াল নির্মাণ করিনি। নদীর মধ্যে ওই দেয়াল মানুষের চোখে দৃষ্টিকটু হলে তা আমি ভেঙ্গে ফেলব।
তবে দেয়াল তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধা প্রদান করেছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমার জানা নেই।
স্থানীয় বাসীন্দাদের অভিযোগ, মহিপুর বাজারের বিভিন্ন স্থানে তোলা হচ্ছে ভবনসহ একাধিক পাকা স্থাপনা। অনেকেরই চান্দিনা ভিটির বন্দোবস্ত থাকলেও সরকারী নিয়ম উপেক্ষা করে মহিপুর তহসিল অফিস ম্যানেজ করেই দীর্ঘদিন যাবৎ চলছে নির্মাণ কার্যক্রম। এসব অবৈধ দখল-সন্ত্রাসের বিরুদ্ধে কেনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
এ দায়িত্ব কার এমন প্রশ্নের জবাবে মহিপুর ইউনিয় ভূমি উপসহকারী কর্মকর্তা আজিজুর রহমান জানান, নজীবপুরের দখলের ব্যাপারে উপরস্থ কর্মকর্তাদের জানানো হয়েছে। উপরস্থ কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আমার কি করার আছে? মহিপুর বাজারের মধ্যে যেসকল ভিটিতে স্থাপনা নির্মাণ করা হচ্ছে তারা ডিসিআর নিয়ে নির্মাণ করছেন এবং তিনি কোনো ম্যানেজের মধ্যে নেই। কেউ কোনো অভিযোগ করলে তাও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি। তবে পাকা ভবন নির্মাণের ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের মহিপুর শাখা কর্মকর্তা মো: তারিকুর রহমান তুহিন গণমাধ্যমকে বলেন, যারা পুকুর দখল করছে তাদের বিরুদ্ধে অতিসত্ত্বর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যেই তালিকা করে পাঠানো হয়েছে।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, এ ধরণের অবৈধ ভূমি দস্যুদের সরকার সবসময়ই কঠোর হাতে দমন করেছে। প্রমাণসহ অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সব বিষয় তদন্ত করে দেখা হবে।