
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সুদের টাকা না দেওয়ায় মোশারফ মাতুব্বর (৪৫) নামের এক অটো চালককে পিটিয়ে গুরুতর জখম করেছে একই এলাকার বাসিন্দা মনির হাওলাদার। বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তেগাছিয়া ইউনিয়নের পূর্ব মধূখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় সূত্র ও আহত মোশারেফ বলেন, মনির হাওলাদারের কাছ থেকে ৬ হাজার টাকা সুদে আনি। আসল ৬ হাজার টাকা দিতে পারি নাই। কিন্তুু ৬ হাজার টাকার সুদ দিয়েছি। সকালে টাকার জন্য আমার বাড়িতে এলে আমি বলেছি, মনির চাচা আমি আপনাকে এ পর্যন্ত বিভিন্ন কিস্তিতে ৬ হাজার টাকা দিয়েছি। আপনি এখন আমার কাছে ১ হাজার তিনশত টাকা পাবেন। আমি পাঁচশত টাকা এক সপ্তাহের মধ্যে দিবো। বাকি আটশত টাকা দিতে পারবো না। আমাকে মাফ কইরা দেন। এসময় টাকার জন্য তিনি রাগারাগি করে চলে যান। পরে ইফতারের পর সন্ধ্যায় আমার বাড়ি এসে লাঠি দিয়ে আমাকে পিটাতে থাকে। আমাকে বাঁচাতে ছোট ভাই এর বউ এগিয়ে এলে তাকেও মারধর করে।
অভিযুক্ত ব্যবসায়ী মনির হাওলাদার এ প্রতিবেদককে বলেন, পাওনা টাকা চাইতে মোশারেফের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু মারামারির কোন ঘটনা ঘটেনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দরকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, এ ব্যাপারে এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে।