
নালিতাবাড়ী (শেরপুর) : পারিবারিক পূর্ব বিরোধের বলি হয়েছেন ময়মনসিংহে কর্মরত কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের বৈজ্ঞানিক সহকারী ওমর ফারুক। ময়মনসিংহে বসবাসরত ত্রিশাল ও ইটনা উপজেলার দায়িত্বে থাকা এ বৈজ্ঞানিক সহকারী আসামী হয়েছেন নালিতাবাড়ীতে প্রেমঘটিত ঘটনায় ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে।
সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার সন্নাসিভিটা নয়াবাড়ি গ্রামের আব্দুল হালিমের কলেজ পড়ুয়া ছেলে নাইম একই গ্রামের ঘোড়ার গাড়িয়াল এক দরিদ্র পিতার সপ্তম শ্রেণি পড়ুয়া বালিকার সাথে প্রেম করছিল। ঘটনাক্রমে বিষয়টি পরিবারের লোকজন টের পেলে কিশোরীর চাচা আলেপ নাইমকে হাতেনাতে ধরতে গত ১০ মে সোমবার গভীর রাতে ওঁৎ পেতে থাকে। নাইমের সাথে দেওয়া কথামতো সোমবার দিবাগত গভীর রাতে কিশোরী প্রেমিক নাইমের সাথে দেখা করতে ওঠে এবং সেহরী রান্নার বাহানায় রান্না ঘরে যায়। রান্নাঘর থেকে বেরুলে প্রেমিক নাইম কিশোরীকে ঝাপটে ধরে আলিঙ্গন করে। একই সময়ে ওঁৎ পেতে থাকা চাচা আলেপ ও বাড়ির অন্যরা নাইমকে ঝাপটে ধরে এবং রশি দিয়ে বেঁধে রাখে। পরে খবর পেয়ে মঙ্গলবার ভোর রাতে নাইমের স্বজনেরা এসে তাকে ছাড়িয়ে নেয়।
এ ঘটনায় মঙ্গলবার কিশোরীকে নিয়ে তার পিতা নালিতাবাড়ী থানায় এসে নাইম, নাইমের বন্ধু ও আত্মীয়-স্বজনসহ ৮ জনের নাম উল্লেখ করে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও অভিযুক্তকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ দায়ের করে। লিখিত ওই এজাহারে নাইমের জেঠাতো ভাই কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সার্বিক তত্বাবধানে পরিচালিত একটি প্রকল্পের বৈজ্ঞানিক সহকারী ওমর ফারুককে আসামী করা হয়। অথচ ওমর ফারুক দীর্ঘদিন যাবত ত্রিশাল ও ইটনা উপজেলার বৈজ্ঞানিক সহকারী হিসেবে ময়মনসিংহে বসবাস করে আসছেন।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, নাইমের বাবা ও ওমর ফারুকের চাচা আব্দুল হালিমের সাথে কিশোরীর পরিবারের বিরোধ চলে আসছে বেশ কিছুদিন যাবত। ওই বিরোধের জের ধরেই ফারুকসহ অনেককেই ফাঁসাতে নাইম-কিশোরীর ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।
শুধু তাই নয়, নাইমকে ধরে নিয়ে আটকে রেখে বিয়ে কিশোরীকে তার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ নাইমের পরিবারের।
এদিকে নাইমের পরিবারের এ কথার সত্যতা পাওয়া গেছে বাংলার কাগজ সম্পাদকের ফোনে আসা একটি ফোনকল থেকে। ১১ মে রাতে কিশোরীর চাচা আলেপ ফোন দিয়ে জানায় যে, তাদের সাথে টাকা দিয়ে আপোষের চেষ্টা চলছে। কিন্তু এতে তারা রাজী নয়। তার ভাতিজিকে বিয়ে করলে মামলা করবে না। এরপরই রাতেই নাইমসহ অন্যান্যদের আসামী করে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।
এদিকে কিশোরী জানিয়েছে, নাইমের সাথে তার প্রেমের সম্পর্ক চলছিল। এর আগে নাইমের সাথে দেখা-সাক্ষাতও হয়েছে। ঘটনার দিন নাইমকে দেওয়া কথা রাখতেই বাড়ির মানুষদের অগোচরে দেখা করতে গভীর রাতে ডিম ভাজার কথা বলে সে বাইরে আসে। কিন্তু চাচা আলেপসহ বাড়ির অন্যান্যরা যে আগে থেকে হাতেনাতে ধরতে অপক্ষো করছিল বিষয়টি সে জানতো না।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না তাদের হয়রানী করা হবে না। এক্ষেত্রে কাউকে মিথ্যা ফাঁসানোর সুযোগ দেওয়া হবে না।