
শেরপুর : শেরপুরের মৃগী নদীতে গোসল করতে নেমে তানজিলা নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার ধোপাঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট গ্রামের ইনসান মিয়া ঈদের ছুটিতে ঢাকা থেকে স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুর ১২টার সময় তার কিশোরী কন্যা তানজিলা ও শিশু ছেলে জিহাদ পার্শ্ববর্তী মৃগী নদীতে গোসল করতে নামে। এসময় দুই ভাই-বোন পানিতে ডুবে গেলে ভাই জিহাদকে স্থানীয়রা জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় বোন তানজিলা। খবর পেয়ে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর তানজিলাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তা শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।