
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর প্রথমবারের মতো হালুয়াঘাট উপজেলার সিমান্তে নির্মানাধীন গাবরাখালী গারো পাহাড় পর্যটনকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। শনিবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক গাবরাখালী পর্যটনকেন্দ্রে আসেন এবং নির্মানাধীন বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন ও কাজের খোজ খবর নেন।
এ সময় উনার সাথে ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুর রহমান, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর, উপ-প্রকৌশলী আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সাংবাদিকদের বলেন, গাবরাখালী পর্যটন কেন্দ্রটি আকর্ষণীয় করার জন্য জেলা প্রশাসন থেকে বিভিন্ন প্রকল্প ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে। পর্যটনকেন্দ্রটিকে আরও বিনোদন বান্ধব করার লক্ষ্যে আরো পরিকল্পনা গ্রহণ করা হবে এবং সরকারের কাছে পর্যটনকেন্দ্রটিকে তুলে ধরে এর উন্নয়নে জেলা প্রশাসন কাজ করে যাবে।
জানা যায়, হালুয়াঘাট পৌরশহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা গাবরাখালী পাহাড়। ময়মনসিংহ জেলার সাবেক জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ২০১৯ সালের শেষের দিকে প্রথম গাবরাখালীতে পর্যটন কেন্দ্র করার উদ্যোগ গ্রহণ করেন। পাহাড়-টিলা জরিপ পূর্বক এ এলাকায় পর্যটন খাতের উন্নয়ন ও বিকাশের পরিকল্পনা গ্রহণ করা শুরু হলেও কোভিড-১৯ পরিস্থিতিতে তা কিছুটা বিলম্বিত হয়। তবে ২০২০ সালের মাঝামাঝি এসে এটি গতি পায়। যা ইতোমধ্যে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া এলাকার লাখ লাখ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এটি অনন্য ভূমিকা রাখবে- এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত পর্যটন কেন্দ্রের উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরে হালুয়াঘাট উপজেলা পরিষদ থেকে ১ কোটি টাকার উপর বরাদ্দ দেওয়া হয়। সেই বরাদ্দ থেকেই পর্যটন কেন্দ্রটির প্রাথমিক কাজ শুরু হয়। বর্তমানে যা দৃশ্যমান পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে।
দর্শনার্থীদের আকৃষ্ট করতে এখানে নির্মাণ করা হয়েছে মনোরম গেস্ট হাউজ, পাহাড়ের টিলায় উঠার জন্য স্টিলের সিঁড়ি, গাড়ি পার্কিং জোন, মনোরম লেক, বোটিং ব্রিজ, পাহাড়ের টিলায় বসার জন্য বিশ্রামাগারের কাজ শেষ হয়েছে। এছাড়াও বর্তমানে শিশু পার্ক, প্রধান ফটক, কৃত্রিম ঝর্ণা, চা বাগান, মাল্টা বাগান, আগর বাগান, ওয়াচ টাওয়ার, তথ্য কেন্দ্র, মিনি চিড়িয়াখানা ইত্যাদির কাজ চলমান রয়েছে।