
এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে কৃষিকাজ সহজীকরণ ও কৃষিকাজে সফলতা আনার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে এই কৃষিজ যন্ত্রপাতি বিতরন করেন। এসময় কৃষকদের ৫০ লক্ষ টাকা ব্যয়ে ১৫টি পাওয়ার টিলার ও ৫টি ধানমাড়াই মেশিন বিতরন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হ্লা থোয়াইহ্রী মারমাসহ বিভিন্ন সরকারি বেসরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কৃষি যন্ত্রপাতি বিতরণকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, এই সরকারের আমলে পার্বত্য এলাকায় কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষকরা আগের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হচ্ছে।
তিনি আরও বলেন, পার্বত্য এলাকার এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না। কৃষির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে পার্বত্য এলাকায় বিভিন্ন কৃষি ফলন বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।