
বাংলার কাগজ ডেস্ক : মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা সবার জন্য উন্মুক্ত হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শ্রদ্ধা নিবেদন ও আনুষ্ঠানিকতা শেষে সকাল ৭টার দিকে সৌধ এলাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপরই ঢল নামে সাধারণ মানুষের।
এর আগে, সকাল সাড়ে ৬টার পর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌনে ৭টায় জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন রাষ্ট্রপতি ও সরকার প্রধান।
পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেও দলের সভাপতি হিসেবে দলীয় নেতাদের সঙ্গে আরও একবার জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।