
স্পোর্টস ডেস্ক : আবু হায়দার রনির চোখ ছানাবড়া। হাওয়ায় ভেসে বল গেল দৃষ্টিসীমার বাইরে! মুখোমুখি প্রথম বলে তৌহিদ হৃদয় ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকাবেন, তা কল্পনাও করতে পারেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার। শুধু রনিকেই নয়, এরপর মোস্তাফিজুর রহমানকে লং অন দিয়ে হৃদয়ের হেলিকপ্টার শটে হাতে তালি পড়েছে।
এরপর খুশদিল শাহর বলে সুইপ করে মিড উইকেটে এবং লং অন দিয়ে যেভাবে ছক্কা মেরেছেন তাতে বোঝা গিয়েছিল দিনটা আজ তারই। মিরপুরের ২২ গজে তেমন কিছুই হয়েছে। এই ব্যাটসম্যানের মুগ্ধকর ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া দেড়শ রানের টার্গেট ছুঁয়ে ফেলে অতি সহজেই।
টস হেরে ব্যাটিং করতে নেমে কুমিল্লা ৬ উইকেটে ১৪৯ রান তোলে। জবাবে সিলেট ৫ উইকেট হাতে রেখে ১৪ বল আগে লক্ষ্য ছুঁয়ে ফেলে। সিলেট তিন ম্যাচে তিন জয়ে অপ্রতিরোধ্য । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার দুই ম্যাচে দুই হারে নিশ্চিতভাবেই বিব্রতকর। আগের দিন ফরচুন বরিশালের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য ছুঁতে তৌহিদের ৫৫ রানের ইনিংসটি ছিল অসাধারণ। একদিন আগে যেখানে শেষ করেছিলেন, আজ সেখান থেকেই শুরু। প্রতি আক্রমণে প্রতিটি বোলারকে কড়া শাসন করেছেন। দৃঢ়তা দেখিয়েছেন। সাহস নিয়ে ব্যাট ঘুরিয়েছেন। কর্তৃত্ব দেখিয়ে ৩৭ বলে ৫৬ রান করেছেন ৩ চার ও ৪ ছক্কায়।
জাকির হাসানও আজ ভালো শুরু পেয়েছিলেন। ১০ বলে ২০ রান করেছিলেন ২ ছক্কা ও ১ চারে। তাকে থামান মোহাম্মদ নবী। মুশফিকের সঙ্গে তৌহিদের জুটি ছিল ৪২ রানের। ওই জুটিতেই জয় দেখতে পায় সিলেট। খুশলিদকে এগিয়ে উড়াতে গিয়ে তৌহিদ স্টাম্পড হলেও জয় নিয়ে মুশফিক ড্রেসিংরুমে ফেরেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন তিনি। জয়সূচক রান করা আকবর আলীর ব্যাট থেকে আসে ৬ রান। এর আগে ওপেনিংয়ে শান্ত ১৯ রান করেছিলেন।
সিলেটের জয়ের প্রাথমিক কাজ এগিয়ে রেখেছিলেন বোলাররা। কুমিল্লার ব্যাটসম্যানদের উড়তে দেননি তারা। ব্যাটিংয়ে নেমে কুমিল্লার সূচনা খুব একটা ভালো হয়নি। ৪৬ রান তুলতেই নেই ৩ উইকেট। লিটন দাস থামেন ৮ রান, ৪ বলে দুটি বাউন্ডারিতে এসেছে এই রান। একটি ডট খেলেন, অন্যটিতে আউট। সৈকত আলী স্পিনার ইমাদ ওয়াসিমের বলে বোল্ড হওয়ার আগে ১২ বলে করেন ২০ রান। অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাটও হাসেনি। ৩ বলে ২ রান করে মোহাম্মদ আমিরের বলে কাভারে ক্যাচ দেন। সেখান থেকে দলকে উদ্ধার করেন ডেভিড মালান ও জাকের আলী। মালান নিজের স্বভাবসুলভ ব্যাটিং করে দলের রান বাড়ান। জাকের আগ্রাসী ব্যাটিংয়ে তাকে দিচ্ছিলেন সঙ্গ। ৫৪ রানের জুটি গড়ে তারা দলকে ভালো অবস্থায় নিয়ে যান। কিন্তু মালান ৩৭ রানে থিসারা পেরেরার বলে আউট হলে আবার ছন্দ হারায় কুমিল্লা।
মোসাদ্দেক হোসেনকে (৫) ফেরান আমির। মোহাম্দ নবীর (৮) উইকেট উপড়ে ফেলেন মাশরাফি। আরেকদিকে জাকের তুলে নেন ফিফটি, যা টি-টোয়েন্টিতে তার তৃতীয়। শেষ পর্যন্ত ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। ৪৩ বলে ২ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। ইমাদকে সুইপ করে মিড উইকেট দিয়ে এবং পেসার রাজা ও পেরেরাকে একই জায়গা দিয়ে তিন ছক্কা উড়ান। শেষ ওভারে বোলিংয়ে এসে আবু হায়দার রনি এক ছক্কায় দলের রান ১৪৯-এ নিয়ে যান। সিলেটের বোলিং খুব একটা ভালো হয়নি। ওভারপ্রতি ৭-৮ করে রান দিয়েছেন প্রত্যেক বোলার। রেজাউর রহমান রাজা সর্বোচ্চ ৩৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। মাশরাফি ৩২ রানে পেয়েছেন ১ উইকেট। পেরেরা ও আমির ২টি করে উইকেট পেয়েছেন।