
স্পোর্টস ডেস্ক : লক্ষ্য ছিল একেবারেই মামুলি। ১২০ বলে ১৩১ রান। অথচ সেই ম্যাচ রংপুর রাইডার্স জিতলো শেষ ওভারে। কঠিন করে। ঘাম ঝরিয়ে। বহু কষ্টে।
খুলনা টাইগার্সের দেওয়া ১৩০ রানের লক্ষ্য রংপুর ছুঁয়ে ফেলে ৪ উইকেটে। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে খুলনা ১৯.৪ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার শেষে রংপুরের রান ৫ উইকেটে ৯০। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৪১ রান দরকার ছিল তাদের।
অভিজ্ঞ শোয়েব মালিক ক্রিজে থাকায় রংপুরের আশা টিকে ছিল। ষষ্ঠ উইকেটে তার সঙ্গে যোগ দেন শামীম পাটোয়ারি। তাদের হাত ধরে লক্ষ্য নাগালে চলে আসে। শামীম ১৮তম ওভারে আহমেদ বাটকে পরপর তিন চার হাঁকান। পরের ওভারে সাইফউদ্দিনের প্রথম দুই বলে শোয়েব চার-ছক্কা হাঁকান স্ট্রেইট ড্রাইভে। জয় থেকে ২০১৭ বিপিএলের চ্যাম্পিয়নরা তখন ৮ রান দূরে।
সেখানে শোয়েব সাইফউদ্দিনকে উড়াতে গিয়ে ক্যাচ দেন ডিপ মিড উইকেটে। ৩৬ বলে ৪৪ রান করেন তিনি। শেষ ওভারে ওয়াহাব রিয়াজের প্রথম বল মিস করেন আজমতউল্লাহ। তবে দ্বিতীয় বলেই চমক দেখান এ ব্যাটসম্যান। বাঁহাতি পেসারকে উড়ান ডিপ মিড উইকেট দিয়ে। লেন্থ বল দারুণভাবে পিক করে সজোরে ব্যাট চালান। রংপুর শিবিরের উল্লাস শুরু হয়ে যায় ওই ছক্কাতেই। পরে ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন এ ব্যাটসম্যান। ১০ বলে ১৬ রানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শামীম। আজমতউল্লাহ অপরাজিত থাকেন ৮ রানে।

সেখানে দায়িত্বশীল ভূমিকায় মালিক। দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়ে হাল ছেড়ে দিলেও তার আউটে তেমন প্রভাব পড়েনি। দ্বিতীয় জয় নিয়ে রংপুর শুরু করে বিপিএলের চট্টগ্রাম পর্ব।
এর আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা হজম করে খুলনা। পেসার আজমতউল্লাহ উমারজাইয়ের বলে এলোমেলো শটে ফিরতি ক্যাচ দেন তামিম। ৪ বলে ১ রানে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান। আফগান পেসারের পরের ওভারে ফেরেন তিনে নামা শারজীল খান। মাঝে হাবিবুর রহমান সোহান ১১ বলে ৪ রানের বেশি করতে পারেনি।
৪ উইকেট নেওয়া রবিউল বোলিংয়ে আসেন পাওয়ার প্লে’ শেষ হওয়ার পর। শুরুটা সাদামাটা। আজম খান দারুণ কভার ড্রাইভের পর পুল করে পরপর দুই বলে হাঁকান চার। প্রথম ওভারে দিয়েছিলেন ১১ রান। তবে দ্বিতীয় স্পেলে ফিরে এ পেসার পেয়ে যান ছন্দ। ওই ওভারে খুলনা শিবির দ্বিতীয় ধাক্কা হজম করে। ইয়াসির আলী রাব্বী তার বল উড়াতে গিয়ে লং অনে ক্যাচ দেন। এক বল পর সাব্বির ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মিস টাইমিংয়ে ক্যাচ দেন পয়েন্টে।
খুলনার ইনিংসের তখন একমাত্র ভরসা ছিলেন আজম খান। কিন্তু আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এবার ৩৪ রানের বেশি করতে পারলেন না। ২৩ বলে ৩৪ রান করে রাকিবুলকে উড়াতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন।
শেষ দিকে সাইফউদ্দিনের ২২ ও নাহিদুলের ১৫ রানে খুলনা লড়াকু পুঁজি পায়। ইয়াসির ও সাব্বিরের পর আহমেদ বাট ও সাইফউদ্দিনের উইকেট নেন। প্রথম ওভারে ১১ রান দেয়া রবিউল পরের ৩ ওভারে ১১ ওভারে নেন ৪ উইকেট। ম্যাচসেরার পুরস্কারটাও পেয়েছেন এই পেসার। এছাড়া আজমতউল্লাহ উমারজাই, হাসান মাহমুদ ও রাকিবুল হাসান ২টি করে উইকেট পেয়েছেন।