
স্পোর্টস ডেস্ক : দুই দলেরই পয়েন্ট ছিল সমান। যে জিতবে নিশ্চিত কোয়ালিফায়ার। তাতে ফাইনালের দৌড়ে বাড়তি সুবিধা পাওয়া যাবে। সেই সুযোগ রংপুর রাইডার্সকে দেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের উড়িয়ে সিলেট স্ট্রাইকার্সের পর কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সুপার লিগের শেষ দিন শের-ই-বাংলায় শুক্রবার টস হেরে ব্যাটিং করে কুমিল্লা। ৫ উইকেট হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা স্কোরবোর্ড জমা করে ১৭৭ রান। তাড়া করতে নেমে ৩ ওভার আগেই ১০৭ রানে অলআউট হয় রংপুর। ৭০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইমরুল কায়েসের দল।
প্রথমে হ্যাটট্রিক হার দিয়ে শুরুর পর টানা ৯ ম্যাচে জিতেছে কুমিল্লা। ১৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় সিলেটের পরেই অবস্থান করছে তারা। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রংপুর।
কুমিল্লার দেওয়া লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে রংপুর। তিনে নামা রহমানুল্লাহ গুরবাজ আশা দেখালেও থিতু হয়ে ফেরেন সাজঘরে। ২২ বলে সর্বোচ্চ ২৯ রান করেন এই আফগান ব্যাটসম্যান। এ ছাড়া আর কেউ বিশের ঘর পার হতে পারেননি। ১১ রানের ব্যবধানে তারা শেষ চার উইকেট হারায়।
কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নেন তানভীর ইসলাম ও সুনীল নারিন। ম্যাচসেরা হন তানভীর। এর আগে লিটন দাসের গড়া ভিতে দাঁড়িয়ে জাকের আলী অনীক-খুশদিল শাহের ব্যাটে ভর করে ১৭৮ রানের লক্ষ্য দেয় কুমিল্লা। ২০ বলে ৪০ রান নিয়ে অপরাজিত ছিলেন খুশদিল। ৩টি ছয় ও ২টি চার হাঁকান এই পাকিস্তানি। এ ছাড়া জাকের ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ৩টি ছয়ে এই রান করেন তিনি।
সর্বোচ্চ ৪৭ রান আসে লিটনের ব্যাট থেকে। ৩টি করে ছয়-চারে ৩৩ বলে এই রান করেন লিটন। মোহাম্মদ রিজওয়ান থিতু হয়ে ফেরেন সাজঘরে। খেলেন ২১ বলে ২৪ রানের ধীরগতির ইনিংস। প্রথম ম্যাচেই তিনে নামা নারিন ফেরেন ৩ বলে ৮ রান করে।
১ ছক্কায় অধিনায়ক ইমরুল কায়েস করেন ১৯ বলে ২০ রান। শেষ ওভারে নামা আন্দ্রে রাসেল ১ বল পেলেও কোনো রান করতে পারেননি।
রংপুরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আজমতুল্লাহ ওমরজাই। ১টি করে উইকেট নেন রাকিবুল হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ। নিজের প্রথম ম্যাচ খেলতে নামা আফগানি পেসার নাভিন উল হক ৪ ওভারে দিয়েছেন ৪৯ রান।
সিলেটের বিপক্ষে ১২ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার খেলবে কুমিল্লা। যে জিতবে সে সরাসরি ফাইনাল। হেরে গেলেও থাকছে সুযোগ। এলিমেনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে তারা লড়বে দ্বিতীয় কোয়ালিফায়ারে।