
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বিদেশিদের পরিত্যাক্ত সামরিক ঘাঁটিগুলোকে ব্যবসার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করবে তালেবান। রোববার এক বিবৃতিতে তালেবানের অর্থনৈতিক বিষয়ক ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রী মোল্লা বারদার রয়টার্সকে বলেছিলেন, তার মন্ত্রণালয় সাবেক আমেরিকান ঘাঁটিগুলো নিয়ে পরিকল্পনা করছে। বিষয়টি চূড়ান্ত হওয়ার পর এর অনুমোদনের জন্য ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদারের নেতৃত্বাধীন অর্থনৈতিক কমিটি মন্ত্রিসভার কাছে পাঠানো হবে।
মোল্লা বারদার রোববার বলেছেন, ‘শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে বিদেশী বাহিনীর অবশিষ্ট সামরিক ঘাঁটিগুলোকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করার অভিপ্রায়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেওয়া উচিত বলে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ রাজধানী কাবুল এবং উত্তর বলখ প্রদেশে ঘাঁটিগুলো রূপান্তর করার জন্য একটি পাইলট প্রকল্প শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
২০ বছরের যুদ্ধের পর বিদেশি সেনারা ২০২১ সালে আফগানিস্তানের মাটি ছেড়ে চলে যায়। এর পরপরই বিভিন্ন সংস্থা আফগানিস্তানে তাদের কর্মকাণ্ড বন্ধ করে দেয়। এর ফলে আফগানিস্তানকে একটি বছর তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে বিশ্ব ব্যাংক সম্প্রতি জানিয়েছে, আফগানিস্তান তার রপ্তানি বাড়িয়েছে এবং তালেবান সরকার রাজস্ব আয় স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।