
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণকালে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। ত্রিশ কেজি চালের বিপরীতে ৩শ টাকার স্থলে কার্ড তৈরিতে খরচের কথা বলে ৪শ টাকা করে জনপ্রতি নেয়ার এ অভিযোগ উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ডিলার রিপন চিরানের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং তার স্বামী রিপন চিরানের নামে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ডিলারশীপ নেন। তার আওতায় ওই এলাকার ৬শ কার্ডধারী রয়েছে। যাদের মধ্যে সরকারের নিয়ম অনুযায়ী কেজিপ্রতি ১০ টাকা করে নেওয়ার কথা। কিন্তু গেল ২৬ মার্চ এ মওসুমের প্রথম দফায় চাল বিক্রিকালে ১০ টাকা কেজি করে ত্রিশ কেজি চালের বিপরীতে ৩শ টাকার স্থলে ৪শ করে টাকা আদায় করেন। তবে কেউ কেউ ওই সময় ৩শ টাকা করে দিয়ে একশ টাকা বাকী রাখেন। দ্বিতীয় দফায় মঙ্গলবার (৭ এপ্রিল) চাল বিক্রিকালে বাকী রাখা কার্ডধারী ওইসব চাল ক্রেতার কাছ থেকে ত্রিশ কেজির বিপরীতে ৩শ টাকার স্থলে ৪শ টাকা আদায় শুরু করেন। স্থানীয় ইউপি সদস্য হযরত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ এর প্রতিবাদ করলে একপর্যায়ে ৩শ করে নেওয়া হয়। করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন-অস্বচ্ছল মানুষদের জিম্মি করে অতিরিক্ত টাকা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
উপকারভোগী কার্ডধারী আন্দারুপাড়া গ্রামের আনসার আলী (৬৫) জানান, তার কাছ থেকে ত্রিশ কেজি চালের মূল্য ৩শ টাকার বিপরীতে ৪শ টাকা নিয়েছে বন্দনা চাম্বুগং।
একই গ্রামের আলম মিয়া (৩০) জানান, গত ২৬ মার্চ চাল কিনতে গেলে ডিলার বন্দনা চাম্বুগং তার কাছ থেকে কার্ডের খরচের কথা বলে ১শ টাকা বেশিসহ মোট ৪শ টাকা নিয়েছে।
একই গ্রামের রফিকুল ইসলাম (কার্ড নং-২৭২) জানান, তিনি চাল কিনতে পারেননি। কিনতে গেলে জানানো হয় তার চাল কে বা কারা তোলে নিয়ে গেছে।
খলচান্দা গ্রামের কিরণ মালা কোচ জানান, তিনি ত্রিশ কেজি চাল কিনতে গিয়ে ৪শ টাকা দিয়ে এসেছেন।
স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, কার্ডের নামে অতিরিক্ত টাকা নেওয়ার কোন নিয়ম নেই বলেই জানি। কার্ডের নাম করে একশ করে টাকা নেওয়ায় আমি নিষেধ করি। তারপরও প্রায় বেশিরভাগ কার্ডধারীর কাছ থেকে অতিরিক্ত একশ করে টাকা নেওয়া হয়েছে।
এ বিষয়ে বন্দনা চাম্বুগং মোবাইল ফোনে জানান, তার প্রতিপক্ষের লোকজন মিথ্যা অভিযোগ তোলেছে। তিনি অতিরিক্ত টাকা নেননি। সবার কাছ থেকেই তিনশ করে টাকা নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, বিষয়টি শোনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।