1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

করোনা পরিস্থিতিতেও বান্দরবানে ইটভাটায় কাজ করছে শতশত শ্রমিক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

বান্দরবান : বান্দরবানে করোনা সঙ্কট মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে জরুরী সেবা পণ্য ব্যতীত সবধরণের যানবাহন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান প্রশাসন বন্ধ করে দিলেও বেশ কয়েকটি ইটভাটা এখনো চালু রয়েছে। সেখানে কোনরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়া কাজ করছে শতশত শ্রমিক।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বান্দরবান কালাঘাটার ছাইংঙ্গা এলাকায় বিবিসি, এবিএম ও এসএন্ডবি নামক তিনটি ইটভাটায় চলছে ইট তৈরির কাজ। সেখানে প্রতিটি ইটভাটায় শতাধিক শ্রমিক কোনরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়া শারিরিক দূরত্ব বজায় না রেখেই ইট বানানোর কাজ করছে।
জানা গেছে, বিবিসি ইটভাটার মালিক বান্দরবান আওয়ামী লীগ নেতা উজ্জল বাবু, এবিএম ইটভাটার মালিক আওয়ামী লীগ নেতা মিলন ও এসএন্ডবি ইটভাটার মালিক নুরু কোম্পানী।
করোনা ঝুঁকিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারের পক্ষ থেকে সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করে সবাইকে বাড়িতে অবস্থান করার কথা বলা হলেও ইটভাটার কাজ চলমান রয়েছে কেন জানতে চাইলে ইটভাটায় কর্মরত ম্যানেজার জানান, মালিক খোলা রাখলে আমাদের কি করার আছে। তাছাড়া কিছুদিন পর বর্ষাকাল চলে আসবে। তখন আর কাজ চলবে না। তাই এখন কাজ চলছে।
কর্মরত শ্রমিকরা জানায়, ঝুঁকি তো রয়েছে। সরকার বাসায় থাকার কথা বলছে। কিন্তু কাজ না করলে খাবো কেমনে। কিছুদিন পর থেকে কাজ বন্ধ হয়ে যাবে। তখন চাইলেও আর করতে পারবো না। স্থানীয়রা জানায়, করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবকিছু বন্ধ করে দিয়েছে। যাতে কেউ জটলা তৈরি করতে না পারে সেক্ষেত্রে ইটভাটা চালু রাখা খুবই ঝুঁকিপূর্ণ। কারন যে শ্রমিকগুলো ইটভাটায় কাজ করছে তারা শারিরিক দূরত্ব বজায় রাখছে না। কোনরকম সুরক্ষা ব্যবস্থা মাস্ক গ্লাভস পড়ছে না। আবার বাজারে যাচ্ছে একজন আরেকজনের সাথে মিশছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। তাই এ সঙ্কটময় পরিস্থিতিতে ইটভাটার কাজ বন্ধ রাখার দাবী জানান তারা।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম বলেন, আমরা সবকিছু বন্ধ ঘোষনা করেছি। ইটভাটা চালুর রাখার বিষয়টি আমি জানতাম না। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com