
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মহিপুর থানায় আটককৃত বাবাকে দেখে ফেরার পথে শিশু কন্যাকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার (৫ এপ্রিল) রাতে মহিপুর সদর ইউনিয়নের নজিবপুর গ্রমে এ নির্যাতনের ঘটনা ঘটে। আহত শিশুটি বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে শিশুটির মা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগটি নেয়নি বলে তিনি অভিযোগ করেছেন।
আহত শিশুটির মা মাকসুদা বেগম জানান, তার স্বামী ইউপি সদস্য সোবাহানকে পুলিশ আটক করে। এ খবর পেয়ে তার কন্যা শিশুকে নিয়ে থানায় দেখতে যান। স্বামীর সাথে সাক্ষাত শেষে ফেরার পথে একই এলাকার মতি, সাহেব আলী ও শাহিন মিয়া শিশু কন্যা মরিয়ম (৮) কে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে মরিয়ম গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা মরিয়মকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা: জেএইচ খান লেলীন জানান, আহত শিশুর পিঠে লাঠি দিয়ে আঘাতের ব্যাপক চিহ্ন রয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
মহিপুর থানার ওসি মনিরুাজ্জান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
– রাসেল কবির মুরাদ