
আন্তর্জাতিক ডেস্ক : সম্ভাব্য স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে হুথি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য সৌদি আরবের একটি প্রতিনিধি দল ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছে। আলোচনায় মধ্যস্থতার জন্যও ওমানের প্রতিনিধি দলও সানায় পৌঁছেছে। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
২০১৫ সালে ইয়েমেনি সরকারকে বিতাড়িত করার পর থেকে রাজধানী সানার দখল নেয় হুথিরা। এর কয়েক দিনের মাথায় সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা শুরু করে। হামলা শুরুর পর এখনও পর্যন্ত কয়েক লাখ ইয়েমেনি নিহত হয়েছে। দেশটির ৮০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে এবং তাদেরকে এখন বিদেশি ত্রাণের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হচ্ছে। সম্প্রতি ইয়েমেনে হামলা বন্ধে সম্মত হয়েছে সৌদি আরব।
সৌদি আরবে পক্ষ থেকে এখনও বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে হুথি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি ও ওমানি উভয় প্রতিনিধিদলই সানায় রয়েছে। যুদ্ধের অবসান ঘটাতে পারে এমন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষের ইচ্ছার আরেকটি উল্লেখযোগ্য চিহ্ন হিসাবে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।
একটি ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, হুথি নেতা মোহাম্মদ আলী আল-হুথি একজন সৌদি কর্মকর্তার সাথে হাত মেলাচ্ছেন।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, চলতি মাসের শেষ নাগাদ যুদ্ধ বন্ধে হুথিদের সঙ্গে সৌদি আরবের একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।