
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি ওয়াটার পার্কে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছে। এর মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয় সময় শনিবার ওই হামলা চালানো হয়। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।
স্থানীয় পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারী, তিন পুরুষ ও সাত বছর বয়সী একটি শিশুর লাশ দেখতে পায়। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে।
ওই ওয়াটার পার্কটি মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে অবস্থিত। গত কয়েক বছরে ওই রাজ্যে মাদকসংক্রান্ত সহিংসতা বেড়ে গেছে। মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দেশটিতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েকজন বন্দুকধারী স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় লা পালমা সুইমিং রিসোর্টে এসে হামলা চালায়। একদল লোকের ওপর সরাসরি হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় হামলাকারীরা নিরাপত্তা ক্যামেরা নিয়ে গেছে বলেও জানা যায়।
স্থানীয় একটি ওয়েবসাইটে ওই হামলার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী ভিডিওটি ধারণ করেছেন। সেখানে দেখা গেছে, পার্কের ভেতর থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে, কিছু মানুষ মেঝেতে লুটিয়ে পড়ছে। গুলি থেকে বাঁচার জন্য লোকজন দৌড়ে পালাচ্ছিল।
দেশটির প্রথম সারির টেলিভিশন নেটওয়ার্ক টিভি অ্যাজটেকারের ওয়েবসাইটে প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, পার্কে থাকা লোকজনের চোখেমুখে আতঙ্কের ছাপ এবং শিশুরা তখনও সুইমওয়্যার পরা ছিল। মেক্সিকোর স্কুলগুলোতে বসন্তকালীন ছুটির শেষ দিনে এই হামলার ঘটনা ঘটল।
ওয়াটার পার্কটি একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশেই অবস্থিত। হামলার পরে সামরিক বাহিনী ও রাজ্য পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।