
বাংলার কাগজ ডেস্ক : যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
শনিবার (২২ এপ্রিল) ঈদের দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কায় কিংবা কাজের ব্যস্ততার জন্য যারা আগে ঢাকা ছাড়তে পারেননি, তারা আজ বাড়ি যাচ্ছেন।
রাজধানীর ফুলবাড়িয়া টার্মিনাল ঘুরে দেখা গেছে, ঈদের নামাজের পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ এলাকায় যাচ্ছেন।
অনেকেই রাজধানীতে চাঁদ রাত (ঈদের আগের রাত) পর্যন্ত ব্যবসা বা বিভিন্ন কাজ করেন। হোটেলের কর্মচারী, রিকশা-ভ্যান-পিকআপের চালক, ফুটপাতের ব্যবসায়ীদের অনেকেই গ্রামের বাড়িতে যাচ্ছেন।
ইলিশ পরিবহনের বাসে বরগুনা যাবেন রানা। তিনি বলেন, ঈদে বাড়ি তো যেতে হবে। তাই দেরিতে হলেও আজ ঈদের দিন বাড়িতে যাচ্ছি। দেরিতে গেলেও ঈদের আনন্দে কমতি হবে না।
তিনি বলেন, প্রতি বছর ঈদ আসলে বেশি ভাড়া আদায় করা হয়। এবছরও একই অবস্থা। ৪৫০ টাকার ভাড়া ৯০০ টাকা। এগুলো দেখার কেউ নেই।
বাইতুল মোকাররমের ফুটপাত ব্যবসায়ী ইকবাল জানান, তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। ঈদের আগে ঢাকা ছাড়েননি বাড়তি আয়ের আশায়। চাঁদ রাতে দোকান খুললে বেশি আয় করা যায়।
তিনি বলেন, ঈদের আগেই পরিবারের সদস্যরা সেখানে গেছে। চাঁদ রাতে দোকান করে আজ বেড়াতে যাচ্ছি। আজও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
মাদারীপুরের শিবচরের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, ঈদসহ বিভিন্ন উৎসবের সময় এই রুটে ভাড়া কয়েক গুণ বেড়ে যায়। মাওয়া ঘাটে ২৫০ টাকা ভাড়ার নেওয়া হচ্ছে ৫০০ টাকা।
ঈদের দিনের যাত্রা সম্পর্কে ইলিশ পরিবহনের সুপারভাইজার নুর হোসেন বলেন, ঈদের দিনে অনেকেই বাড়িতে যান। সে কথা মাথায় রেখে প্রতি বছরই আমরা ঈদের দিনে পরিবহনের ব্যবস্থা রাখি। আমাদেরও পরিবার আছে তাদেরও নতুন জামা কাপড় কিনে দিতে হয়। যাত্রীদের কাছ থেকে এজন্য ঈদ বোনাস নেই।