
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিল, ভারত, কম্বোডিয়া ও ফিলিপাইন মানবাধিকার এবং শ্রম কর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে অন্যতম। এই দেশগুলোতে কর্মীরা প্রায়ই রাষ্ট্র সমর্থিত সহিংসতার মুখোমুখি হয়।
যুক্তরাজ্যভিত্তিক বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে কর্মীদের বিরুদ্ধে ৬৩টি হামলা রেকর্ড করা হয়েছিল ব্রাজিলে। সেই হিসাব অনুযায়ী, তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে,মানবাধিকার কর্মীদের ওপর ৫৪টি এবং তৃতীয় তালিকায় থাকা মেক্সিকোতে ৪৪টি হামলার ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ায় ৪০টি হামলা হয়েছে, তারপরে ফিলিপাইন এবং হন্ডুরাসে যথাক্রমে ৩২ এবং ৩১টি হামলা হয়েছে। তালিকায় বেলারুশ, পেরু, কলম্বিয়া এবং উগান্ডা পরবর্তী সবচেয়ে বিপজ্জনক দেশ।
বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার বলেছে, বিশ্বব্যাপী রেকর্ড করা ৫৫০ টিরও বেশি আক্রমণের ৭৫ শতাংশ ভূমি, জলবায়ু বা পরিবেশগত অধিকার রক্ষাকারী লোকদের সাথে যুক্ত এবং আক্রমণের এক-পঞ্চমাংশ আদিবাসী কর্মীদের বিরুদ্ধে।