
স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গনে বর্ণবাদের ছোবল নতুন নয়, অনেক পুরনো। মানুষ সভ্য হয়েছে, আধুনিক সভ্যতা তার সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। কিন্তু মানুষ এখনো বর্ণবাদের মতো ন্যাক্কারজনক বিষয় থেকে বের হয়ে আসতে পারছে না।
তাইতো ইউরোপের মতো সভ্য দেশে বার বার বর্ণবাদের শিকার হন ভিনিসিউস জুনিয়রদের মতো তারকারা। স্প্যানিশ লা লিগার গেল মৌসুমে কমপক্ষে দশবার তিনি বর্ণবাদের শিকার হয়েছেন। প্রতিবার সেগুলো মুখ বুজে সহ্য করলেও মে মাসের শেষ দিকে ভ্যালেন্সিয়ার মাঠে ক্ষোভে ফেঁটে পড়েন। এরপর বিশ্বব্যাপী তিনি তার পক্ষে সমর্থন পান।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনও তার পাশে দাঁড়ায়। তারা বর্ণবাদ বিরোধী ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেয় আফ্রিকার দুটি দেশের বিপক্ষে। তার প্রথমটি শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত হয় গিনির বিপক্ষে স্পেনের বার্সেলোনায়।
বর্ণবাদ বিরোধী এই ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল দল তাদের হলুদ জার্সি ছেড়ে কালো জার্সি পড়ে মাঠে নামে। দ্বিতীয়ার্ধে যথারীতি আবার হলুদ জার্সি পড়ে।
এই ম্যাচে বড় জয় পায় ব্রাজিল। তারা ৪-১ গোলে হারায় গিনিকে। ম্যাচের ২৭ মিনিটে জোয়েলিনটন গোল করে এগিয়ে নেন দলকে। আর ৩০ মিনিটের মাথায় রদ্রিগোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। অবশ্য ৩৬ মিনিটে গিনির শেরহু গুইরাসি একটি গোল শোধ দেন।
৪৭ মিনিটে এদার মিলিতাও গোল পেলে ব্যবধান হয় ৩-১। আর ম্যাচের শেষ মুহূর্তে (৮৮ মি.) পেনাল্টি থেকে গোল করে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন ভিনিসিউস জুনিয়র।
এদিন ম্যাচ শুরুর আগে ব্রাজিল ও গিনি উভয় দলের খেলোয়াড় ‘বর্ণবাদের সঙ্গে কোনো খেলা চলতে পারে না’ লেখা ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তোলে।
অবাক করা বিষয় হলো বর্ণবাদ বিরোধী ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিউস জুনিয়রের বন্ধু ফিলিপে সিলভা।
এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যখন আমি বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালো জার্সি পরে খেলছিলাম, ঠিক সে সময়ে আমার বন্ধু বর্ণবাদের শিকার হয়েছে। এমন ঘটনা দুঃখজনক। স্টেডিয়ামের পেছনের অবস্থা খারাপ ছিল। ওখানকার সিসিটিভি ফুটেজে কোথায়?’
আগামীকাল দ্বিতীয় ম্যাচে পর্তুগালের রাজধানী লিসবনে সেনেগালের বিপক্ষে দ্বিতীয় বর্ণবাদ বিরোধী ম্যাচ খেলবে ব্রাজিল।