1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ হেরে আফগানিস্তানের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের বোলাররা শেষ ম্যাচে আফগানিস্তানের ব্যাটসম্যানদের আগের দুই ম্যাচের মতো মাথাচাড়া দিয়ে উঠতে দেয়নি। শরীফুল-তাসকিনদের দুর্দান্ত বোলিংয়ে ৪৫.২ ওভারে সফরকারীরা অলআউট হয় মাত্র ১২৬ রানে।

১২৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা কিছুটা নড়বড়ে হয়েছিল। মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত শুরুতেই ফিরলেও সাকিব আল হাসান ও লিটন দাসের ব্যাটে ভর করে ২৩.৩ ওভারেই বাংলাদেশ জয় তুলে নেয়।

অধিনায়ক ৬০ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ২২ রানে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। সাকিব আল হাসান ৩৯ বলে ৫ চারে ৩৯ রান করে আউট হন। তাকে আউট করেন মোহাম্মদ নবী। আর নাঈম ও শান্তকে সরাসরি বোল্ড করে ফেরান ফজল হক ফারুকি।

এই ম্যাচে ৩৯ রান করার মধ্য দিয়ে বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট ও ১৪ হাজার রান করার অনন্য মাইলফলক স্পর্শ করেন সাকিব।

তার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তান টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাট করতে নেমে শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে। তৃতীয় ওভারে এসে দলীয় ৩ রানে ইব্রাহিম জাদরানকে (১) উইকেটের পেছনে মুশফিকুর রহিমের তালুবন্দি করিয়ে প্রথম আঘাত করেন শরীফুল। ওই ওভারের পঞ্চম বলে একইভাবে ফেরান রহমত শাহকেও (০)।

১৪ রানের মাথায় রহমানুল্লাহ গুরবাককে উইকেটের পেছনে তালুবন্দি করান তাসকিন আহমেদ। ২২ বলে ১ চারে ৬ রান আসে তার ব্যাট থেকে। নবম ওভারে এসে মোহাম্মদ নবীকে (১) ফেরান শরীফুল। এলবিডব্লিউ হয়ে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

এরপর দলীয় সংগ্রহ ৩২ পার না হতেই আফগানরা হারিয়ে বসে ৫ উইকেট। এ সময় সাকিব আল হাসান এসে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাজিবুল্লাহ জাদরানকে (১০)। মাটি কামড়ে পড়ে থাকা অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদিকে বোল্ড করেন তাইজুল ইসলাম। তাতে ৫৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

দলীয় ৬৮ রানের মাথায় শরীফুলের চতুর্থ শিকারে পরিণত হন আব্দুল রহমান। তিনি তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত ৪ রানে। ৮৯ রানের মাথায় জিয়া-উর-রেহমানকে বোল্ড করেন তাইজুল। সেখান থেকে মুজিব উর রহমান ও আজমতউল্লাহ ওমরজাই দলীয় সংগ্রহকে নিয়ে যান ১২৫ পর্যন্ত।

১২৫ রানের মাথায় মুজিবকে ফেরান মেহেদী হাসান মিরাজ। আফগান ব্যাটসম্যানদের আসা যাওযার মিছিলে ব্যতিক্রম হয়ে দাঁড়িয়ে ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি ৭১ বল খেলে ১টি চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন। দলীয় ১২৬ রানের মাথায় ব্যক্তিগত এই রানে তাসকিনের বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। আর আফগানিস্তান অলআউট হয় ১২৬ রানে। দলের প্রায় অর্ধেক রান করেন আজমতউল্লাহ।

বল হাতে ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাংলাদেশের শরীফুল ইসলাম। আর মোট ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হন আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকি।

এই ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আফগানরা। শুক্রবার থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com