1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

প্যারাগুয়েকে হারিয়ে আর্জেন্টিনার ‘হ্যাটট্রিক’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের পর দুর্দান্ত গতিতে ছুটে চলছে আর্জেন্টিনা। আগামী বিশ্বকাপের বাছাইয়ে একের পর এক জয় তুলে নিচ্ছে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় আজ শুক্রবার (১৩ অক্টোবর) এস্তাদিও মনুমেন্টালে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে এই নিয়ে তিন ম্যাচ খেলে সবগুলোই জিতে ‘হ্যাটট্রিক’ জয় তুলে নিলো আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিতে থাকে আর্জেন্টিনা। তাতে প্রথম শটেই এগিয়ে যায় তারা। রদ্রিগো ডি পলের কর্নার থেকে বল পেয়ে ডানদিক থেকে জোরালো ভলি করেন নিকোলাস ওতামেন্ডি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে হালকা ছুঁয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায় বল।

গোল পাওয়ার পর আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। ষোড়শ মিনিটে বাড়তে পারতো ব্যবধান। তবে লাওতারো মার্টিনেজকে বাড়ানো পাস নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক। ৩০তম মিনিটে আবার মিস করেন লাওতারো। তার শট এক ডিফেন্ডারের পায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়।

প্রথমার্ধ আর গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায় প্যারাগুয়ে। তবে রামোন সোসার শট পা বাড়িয়ে প্রতিহত করে দেন এমিলিয়ানো মার্টিনেজ। বল তার পায়ে লেগে পোস্টের বাইরে দিয়ে যায়।

ম্যাচের ৫৩তম মিনিটে জুলিয়ান আলভারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ৭৬তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করেন মেসি। তবে তার বাঁকানো শট পোস্টে লেগে হতাশা উপহার দেয়। যোগ করা সময়ে মেসি আরও একটি সুযোগ নষ্ট করেন। তার ফ্রি কিক পোস্টে লেগে বাইরে চলে যায়। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে, তিন ম্যাচ খেলে এখনও গোলের খাতাই খুলতে পারেনি প্যারাগুয়ে। পেরুর সঙ্গে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরুর পর তারা হারলো টানা দুই ম্যাচে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com