
বান্দরবান : বান্দরবানের লামা উপজেলায় ফাঁসিয়াখালীর ওই এলাকা ভিন্ন ভিন্ন রাবার বাগান থেকে ২০ জন শ্রমিককে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফাঁসিয়াখালি গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তিদের তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাছাড়া পাহাড়ে কোন সন্ত্রাসী দল বা কারা এই অপহরণ করেছে তা নিশ্চিত করতে পারেননি পুলিশ।
লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার বলেন, যে এলাকা ঘটনা ঘটেছে অনেকগুলো রাবার বাগান আছে। কিছু অংশ লামায় পড়ছে, কিছু অংশ নাইক্ষ্যংছড়ি উপজেলায় পড়েছে। সেসব এলাকায় যৌথ অভিযান চলমান আছে।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে জেনেছি ২০ জনের মত শ্রমিককে অপহরণ করা হয়েছে। কে বা কারা অপহরণ করেছে তা জানা যায়নি।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, অপহরণ কারা করেছে ঠিক জানি না। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সমন্বয়ে উদ্ধারের কাজ করছে। ওই এলাকায় নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারছি না।