
শেরপুর : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শেরপুর সদর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদল (৪৭) নিহত হয়েছেন।
গত মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) হামলার পর মধ্যরাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে সোহাগ আলম ও রুহুল আমিন নামে আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার একটি মাদরাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত কামারিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক লুৎফর রহমানের সঙ্গে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক জাকারিয়া বাদলের দ্ব›দ্ব চলছিল। সম্প্রতি জেলা বিএনপি’র বিবাদমান দুটি পক্ষ স্থানীয় ওই দুই নেতার সম্পর্ককে আরও জটিল করে তোলে। তাছাড়া হত্যাসহ একাধিক মামলার আসামি এবং স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা নূরে আলমের সঙ্গেও তার রাজনৈতিক বৈরীতা রয়েছে। জাকারিয়া বাদলকে দমন করতে সম্প্রতি শেরপুর জেলা কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান নূরে আলমের সঙ্গে দেখা করেন বিএনপি নেতা লুৎফর। ওই দু’জন এলাকায় আধিপত্য বিস্তারসহ ইউপি নির্বাচন নিয়ে আগাম পরিকল্পনা করেন।
সূত্র জানায়, বিএনপি নেতা লুৎফর কৃষক লীগ নেতা নূরে আলমের লোকজনের সঙ্গে গোপন বৈঠক করে প্রতিপক্ষ জাকারিয়া বাদলকে দমানোর পরিকল্পনা করেন। মঙ্গলবার বিকেলে জাকারিয়া বাদল ও তাঁর দুই সহযোগী মোটরসাইকেলযোগে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিএনপি’র স্থানীয় নেতা লুৎফর ও কৃষক লীগ নেতা নূরে আলমের অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় জাকারিয়া বাদলসহ অপর দু’জনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা জাকারিয়া বাদলসহ তিনজনকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জাকারিয়া বাদলকে শেরপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জাকারিয়া বাদল মারা যান। জাকারিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশের পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলার অভিযোগ অস্বীকার করে কামারিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক লুৎফর রহমান বলেন, বাদল আমার দলেরই লোক। আমি কেন তার ওপর হামলা করব? বাদলের অনেক শত্রু। তাদেরই কেউ হয়তো হামলা করেছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়দুল আলম জানান, এ ঘটনার পর যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের ধরতে চেষ্টা চলছে।