1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

স্ত্রীর নগ্ন ছবি তুলে যৌতুক দাবী, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : নিজের পরকীয়ার কারণে দফায় দফায় মারধর, হত্যার চেষ্টা ও লাখ লাখ টাকা ঋণের বোঝা শোধ করতে শ্বশুর বাড়ি থেকে জমি বিক্রির টাকা আনিয়েও ক্ষান্ত হয়নি শফিকুল ইসলাম নামে এক বেকারী ব্যবসায়ী। শেষ পর্যন্ত কৌশলে স্ত্রীর নগ্ন ছবি তুলে পরবর্তীতে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দশ লাখ টাকা যৌতুক দাবী করেছে স্বামী শফিকুল। এ ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে বাবা-ছেলের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় ভিন্ন মোড় দিতে শফিকুল তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া ও ছেলের বিরুদ্ধে মাদকাসক্তের মিথ্যা অভিযোগ তোলে। এ ঘটনায় আইনী প্রতিকার চেয়ে ভুক্তভোগী স্ত্রী মমতাজ গত ২৭ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার প্রেক্ষিতে সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নালিতাবাড়ীতে ‘আল আমিন বেকারী এন্ড কনফেকশনারী’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলে বসবাস করছেন। এ যাবত পরপর তিনটি বিয়ে করলেও প্রথম স্ত্রী শারিরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে মারা যান। দ্বিতীয় স্ত্রীর সাথেও বনিবনা না হওয়ায় মামলা-মোকদ্দমার একপর্যায়ে ছাড়াছাড়ি হয়ে যায়। তৃতীয় স্ত্রী মমতাজ বেগমও প্রায় ১৮ বছর যাবত সংসার করছেন। তাদের ঘরে চারজন পুত্র সন্তান রয়েছে।
তবে দীর্ঘ ১৮ বছর ধরেই শফিকুল নানা ইস্যুতে পারিবারিক কলহ লাগিয়ে রাখে। চলতি বছরের গত ১৩ ফেব্রুয়ারি স্ত্রী মমতাজকে বেধড়ক মারধর করে একটি হাত ভেঙে ফেলে। হাসপাতালে পুলিশ কেস হিসেবে অন্তর্ভূক্ত করা হলেও পারিবারিক শান্তি রক্ষায় তখন আইনী ব্যবস্থা না নিয়ে আপোষ হয়ে যান স্ত্রী।

প্রতিবেশিদের ভাষ্যমতে, ঝগড়া-ঝাটির একপর্যায়ে স্ত্রী মমতাজের গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করতে উদ্যত হয় শফিকুল। পরে চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করেন।

এদিকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে স্ত্রীর সাথে বিশেষ মুহূর্তের নগ্ন ভিডিও কৌশলে ধারণ করে স্বামী শফিকুল। বিষয়টি টের পেয়ে স্ত্রী চাপ প্রয়োগ করলে ভিডিও ডিলিট করলেও স্ক্রীণশট রেখে দেয় সে। পরবর্তীতে ওই স্ক্রীণশট দেখিয়ে বাবার বাড়ি থেকে দশ লাখ টাকা যৌতুক আনতে চাপ দেয়। এ নিয়ে গত ২৪ সেপ্টেম্বর বুধবার স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লাগলে নগ্ন ছবির বিষয়টি জানতে পারে বড় ছেলে আল আমিন সিজান (১৭)। এসময় সে তার বাবার মোবাইল কেড়ে নিতে চেষ্টা করলে শফিকুল ছেলের ওপর চড়াও হয়। ফলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সিজান বাবাকে মারধর করে।

এদিকে চতূর শফিকুল নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি হয়ে ছেলের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ এনে মারধর করা হয়েছে বলে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। এ তথ্যের সত্যতা যাচাই করতে গেলে বেড়িয়ে আসে থলের বিড়াল।

বেকারীর কর্মচারী ও প্রতিবেশিরা জানান, বিভিন্ন সময় বিভিন্ন নারীর সাথে পরকীয়া ও অবৈধ শারিরিক সম্পর্কে জড়িয়েছেন শফিকুল। ফলে এসব নিয়ে হরহামেশাই পারিবারিক কলহ চলতো। চুন থেকে পান খসলেই স্ত্রীকে বেধড়ক মারধর করতো।

প্রতিবেশি জসিম উদ্দিন জানান, সবসময় ঝগড়া লেগেই থাকে। কিছুদিন আগে মেরে হাত ভেঙে দিয়েছিল। একদিন গলায় ওড়না পেচিয়ে হত্যা করতে চেষ্টা করছিল স্ত্রীকে। পরে আমরা গিয়ে উদ্ধার করি।

প্রতিবেশি গৃহবধূ কমলা বেগম জানান, আমরাও সংসার করি। এভাবে কেউ সংসার করে না। সবসময় ঝগড়া লাগিয়েই রাখে। ঋণ করে স্ত্রীকে চাপ দেয় টাকা আনতে। প্রতিবেশি কারও সাথে মিশতে দেয় না।

শহরের ব্যবসায়ী আব্দুল মালেক জানান, শফিকুল খুবই খারাপ প্রকৃতির মানুষ। আচরণ ভালো না। লেনদেনেও সমস্যা। আমি নিজেই আড়াই লাখ টাকা পাই। এখন দেয় না।

এভাবে আশপাশের সবাই রফিকুল সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। তারা বলেন, ছেলে সিজান কখনোই মদকাসক্ত নয়। মায়ের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করায় ও সবসময় মারধর করায় সে বাবার উপর ক্ষিপ্ত হয়। শফিকুল নিজে লাখ টাকার দেনা নিয়ে ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। কখনো কখনো ঋণের চাপে পালিয়েও বেড়ায়।

স্বামী-স্ত্রীর পারস্পরিক অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা এসআই শফিকুল ইসলাম জানান, শফিকুলের অভিযোগ পেয়ে তদন্তে গিয়ে ঘটনার মোড় নেয় উল্টো। প্রাথমিক তদন্তে শফিকুলের অভিযোগের কোন ভিত্তি পাওয়া যায়নি। উল্টো তার বিরুদ্ধেই নানা অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com