
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট হারার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। এরই মধ্যে আরও এক দুঃসংবাদ পেল সফরকারীরা। মাঠে আগ্রাসী আচরণের দায়ে পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, দুজনের বিরুদ্ধেই খেলোয়াড়দের আচরণবিধির লেভেল–১ ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। খুররম শেহজাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর মোহাম্মদ আব্বাসকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি দুজনের নামের পাশেই যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।সংবাদ প্রতিবেদন
আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের অভিযোগে এই শাস্তি দেয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে অপমান করা বা উসকানিমূলক ভাষা, অঙ্গভঙ্গি কিংবা আচরণ প্রদর্শন করা শাস্তিযোগ্য অপরাধ।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে শাই হোপকে বোল্ড করার পর তার খুব কাছাকাছি গিয়ে আগ্রাসী ভঙ্গিতে উদযাপন করেন খুররম শেহজাদ। অন্যদিকে শেষ ব্যাটার জোমেল ওয়ারিকানকে আউট করার পর একই ধরনের আচরণ করেন মোহাম্মদ আব্বাস। দুই ঘটনাকেই আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে আইসিসি।
মাঠের আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রিচার্ড কেটেলবরো, তৃতীয় আম্পায়ার জয়ারামন মদনগোপাল অভিযোগগুলো উত্থাপন করেন। পরে ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তির সিদ্ধান্ত দেন।
আইসিসি জানিয়েছে, গত ২৪ মাসে আব্বাস ও খুররম দুজনেরই এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। অভিযোগ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ হারের হতাশার পর শৃঙ্খলাভঙ্গের এই শাস্তি পাকিস্তান দলের জন্য নতুন অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল।