
বাংলার কাগজ ডেস্ক: কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এই অগ্নিকাণ্ডে মারা গেছেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯)।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিনড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।
নাসরিন আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার বাবার নাম মোস্তফা কামাল।
ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাদল হোসেন জানান, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে ফয়সালের স্ত্রী ও তার তিন বান্ধবী অবস্থান করছিলেন। সকালে তার দুই বান্ধবী কক্ষ থেকে কিছুক্ষণ আগে বাইরে বেরিয়ে যান। তবে নাসরিন তখন কক্ষের ভেতরে আটকা পড়েন। পরে আগুনে তার মৃত্যু হয়।
নিহত নাসরিনের স্বামী ও ছাত্রদল নেতা দেওয়ান ফয়সাল জানান, নাসরিন ও তার বান্ধবীরা ছোটবেলার বন্ধু ছিলেন। তারা একসঙ্গে পড়াশোনাও করেছেন। নাসরিন স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন। গত বৃহস্পতিবার তারা কক্সবাজার বেড়াতে যান। আজ তাদের ফিরে আসার কথা ছিল। এর আগেই অগ্নিকাণ্ডে প্রাণ হারান নাসরিন। মরদেহ আনতে কক্সবাজার যাচ্ছেন তার স্বজনেরা।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহতরা সবাই পর্যটক ছিলেন। ধারণা করা হচ্ছে রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত। কারণ অনুসন্ধানে এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।