
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শেরপুর সদর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পৌরসভা দল।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরীন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী ও আবু রায়হান রুপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা ফুটবল ফেডারেশনের (বাফুফে) আহ্বায়ক মো. কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি সেরা খেলোয়াড়, ম্যাচসেরা ও সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া দর্শকদের জন্য বিনা মূল্যে কুপনের ব্যবস্থা রাখা হয়। সেখান থেকে নির্বাচিত সেরা ১০ জন দর্শককেও পুরস্কার দেওয়া হয়।