
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে গাছের ডাল কাটতে গিয়ে শতাধিক ভিমরুলের কামড়ে বরকত আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদীর খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বরকত আলী মধ্য মাদারপুর গ্রামের মৃত হাছেন আলী মন্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে থাকা একটি গাছে ওঠে ডাল কাটছিলেন বরকত আলী। এ সময় গাছে থাকা ভিমরুলের বাসা থেকে ঝাঁকে ঝাঁকে ভিমরুল বেরিয়ে তাঁকে আক্রমণ করে। একপর্যায়ে প্রাণে বাঁচতে তিনি গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করলে শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার দুপুরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খড়িয়া কাজিরচর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।