
স্টাফ রিপোর্টার: ই-সিগারেট/ভেপ, নিকোটিন পাউচ নিষিদ্ধকরণ ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শেরপুরের নালিতাবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) পৌর প্রশাসকের কার্যালয়ে যৌথভাবে এই আয়োজন করে বাংলাদেশ তামাক বিরোধী জোট, যয়তুন চ্যারিটি বিডি ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা।
সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আব্দুল মালেক।
যয়তুন চ্যারিটি বিডির প্রোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফের তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জুনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক দেবাশীষ চন্দ্র, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন দাস, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইন, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
সভায় তামাকের ক্ষতিকর প্রভাব, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ এবং শিশু-কিশোর ও তরুণদের তামাকের আসক্তি থেকে সুরক্ষার বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্যরা সচেতনতা বৃদ্ধিতে পৌর প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এসময় পৌর প্রশাসক আব্দুল মালেক আর্থিক অনুদান প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন।