
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, দর্শনীয় স্থান, ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এক প্ল্যাটফর্মে তুলে ধরতে চালু হয়েছে ‘মাই নালিতাবাড়ী’ (Mynalitabari.com) ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইট ও অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক।
‘মাই নালিতাবাড়ী’র প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান সেলিম জানান, উপজেলার গুরুত্বপূর্ণ তথ্য একই প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্য নিয়ে ওয়েবসাইট ও অ্যাপটি তৈরি করা হয়েছে। এতে লগইন করে যে কেউ প্রয়োজনীয় তথ্য যুক্ত করতে পারবেন। প্রশাসকের অনুমোদনের পর সেসব তথ্য ওয়েবসাইটে প্রকাশিত হবে।
তিনি আরও জানান, ওয়েবসাইটটি স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি সহজ করবে। পাশাপাশি উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সেবা, পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য জানার সুযোগ তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক মনিরুল ইসলাম মনির, ক্লডিয়া নকরেক কেয়া ও ‘মাই নালিতাবাড়ী’র সহপ্রতিষ্ঠাতা রুহুল আমিন।
এ সময় প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্যসচিব সাইফুল ইসলামসহ ১২ ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এবং TEAM সংগঠনের তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।