
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ২০ জনের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ তাদের হাতে এসব চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের মুখে হাসি ফোটানো রাষ্ট্রের দায়িত্ব। এ অনুদান তাদের জীবনসংগ্রামে কিছুটা হলেও সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা মো. হাফিজুর রহমান, শেরপুর সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।