
কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনটির অন্তত পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। অর্ধশত আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই হাসানপুর স্টেশন মাস্টারকে স্টেশনে দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। আমরা ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানাতে পারব।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন বলেন, নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস পেছন থেকে মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব বলেন, ‘মালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। হাসানপুর স্টেশনের রেলক্রসিংয়ে এসে মালবাহী ট্রেনটির দাঁড়ানোর কথা ছিল। কিন্তু চট্টগ্রাম থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস একই লাইনে এসে পেছন থেকে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে যায়। আমরা ঘটনাস্থলে আছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানাবো।’
দুর্ঘটনার বিষয়ে রেল সেবার সঙ্গে সংযুক্ত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন জানান, চট্টগ্রাম ঢাকা সোনার বাংলা ৭৮৭ ট্রেন হাসানপুর স্টেশন দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে প্রায় ৮০ কিলোমিটার বেগে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মারাত্মক দুর্ঘটনায় পড়ে ট্রেন দুটি। ইঞ্জিন এবং পরের কয়েকটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ হতাহত হয়ে থাকতে পারেন। ইঞ্জিন চলে গেছে জমিতে। ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে।