
নালিতাবাড়ী (শেরপুর) : হত্যার ১০ দিন পর শেরপুরের নালিতাবাড়ীতে সানজিদা আক্তার (১১) নামে কন্যাশিশু হত্যায় আত্মস্বীকৃত আসামী বিল্লাল হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পানিহাতা গ্রামে অভিযুক্তের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ৭ মে বৃহস্পতিবার বিকেলে খেলতে এসে বিল্লালদের বাড়ি থেকে নিখোঁজ হয় এতিম নানীর কাছে আশ্রিত কন্যাশিশু সানজিদা। খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন শুক্রবার বিকেলে চাপের মুখে মোবাইল ফোনে পলাতক বিল্লাল হত্যা ও গুমের কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী তাদেরই টয়লেট থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। একই সাথে জড়িত থাকার অভিযোগে বিল্লালের মা তহুরন নেছা (৭০) ও বোন রাবিয়াকে (২৪) গ্রেফতার করে। এ ঘটনায় নিহত সানজিদার খালা ছখিনা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধান আসামী বিল্লালকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারন জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।