
নালিতাবাড়ী (শেরপুর) :শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎ ব্যবহার না করেও একটি সেচ সংযোগের বিপরীতে ৩ হাজার ৩০১ টাকা বিল দেওয়ার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে। শুধু তাই নয়, অস্বাভাবিক এ বিলের কারণ জানতে গেলে পল্লী বিদ্যুতের নালিতাবাড়ী জোনাল অফিসের ডিজিএম আখতারুজ্জামান অপ্রাসঙ্গিক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দৈনিক জনবাণী পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি সারোয়ার হোসাইন বিলের অসংগতির কারণ জানতে পল্লী বিদ্যুৎ অফিসে যান। এ সময় ডিজিএমের কাছে বিষয়টি তুলে ধরলে তিনি অসৌজন্যমূলক মন্তব্য করেন।
জানা যায়, উপজেলার একটি সেচ সংযোগে গত তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে মাত্র ২৯২ টাকা। অথচ চলতি নভেম্বর মাসে একই সংযোগের বিপরীতে ৩ হাজার ৩০১ টাকা বিল করা হয়েছে। হঠাৎ বিলের পরিমাণ এত বেড়ে যাওয়ার কারণ জানতে অফিসের সংশ্লিষ্টদের কাছে গেলেও সন্তোষজনক ব্যাখ্যা পাননি সারোয়ার হোসাইন।
পরে বিষয়টি নিয়ে ডিজিএম আখতারুজ্জামানের সঙ্গে কথা বলতে গেলে ডিজিএম বিল পরিশোধ করতে হবে বলে জানান। এসময় বেশি বিলের কারণ জানতে চাইলে আখতারুজ্জামান ব্যাখ্যা না দিয়ে সাংবাদিককে উদ্দেশ করে বলেন, ‘আপনি সকালে কী খেয়ে আসছেন, তা কি আমি জানি?’
তবে অসৌজন্যমূলক মন্তব্যের অভিযোগ অস্বীকার করেছেন ডিজিএম আখতারুজ্জামান। তিনি বলেন, মিটারটি সেচের জন্য সংযোগ নেওয়া হয়েছে। রিডিং অনুযায়ী বিল করা হয়েছে। এখানে অতিরিক্ত বিল করা হয়নি।