
বাংলার কাগজ ডেস্ক: প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী পদক্ষেপ, জনসচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রাকেও এগিয়ে নেয়।
তিনি বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগজনক। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি জটিলতা থেকে মৃত্যুঝুঁকিও তৈরি হয়।
প্রধানমন্ত্রী বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগের ঝুঁকি কমানো যায়।
তিনি আরও বলেন, যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হওয়া দেশের জন্য গৌরবের বিষয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।
বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং দিবসটি উপলক্ষে নেওয়া কর্মসূচির সাফল্য কামনা করেন।