
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: অন্যের ফ্রিজে খাবার রাখলে হারিয়ে যায় , কখনো অন্য কেউ খেয়ে ফেলেন—এমন আক্ষেপ থেকে নিজের একটি ফ্রিজের আবদার করেছিলেন অসুস্থ ও অসহায় সাজু শেখ। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ হাজার ৪৯০ টাকা মূল্যের একটি নতুন ওয়ালটন ফ্রিজ উপহার পেয়েছেন তিনি। জানা যায়, কয়েক মাস আগে অনাহার-অর্ধাহারে দিন কাটানো সাজু শেখ ও তার স্ত্রী নূর জাহানকে নিয়ে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের ফেসবুক গ্রুপে একটি মানবিক আবেদন প্রকাশ করা হয়।
বিষয়টি নজরে আসার পর সংগঠনের সদস্যরা পরিবারটিকে তিন মাসের খাদ্যসামগ্রী সহায়তা দেন।
একপর্যায়ে বিষয়টি শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নজরে এলে তিনিও পরিবারটির পাশে দাঁড়ান। তাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা, বসবাসের জন্য ঘর নির্মাণ এবং ছেলের কর্মসংস্থানের জন্য একটি ভ্যানগাড়ি প্রদান করেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন পরিবারটিকে সহযোগিতায় এগিয়ে আসেন।
এরই মধ্যে সাজু শেখ জেলা প্রশাসকের কাছে একটি ফ্রিজের আবদার জানান। তার এই চাওয়ার কথা জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানবিক ব্যক্তিরা।
রক্তসৈনিকের ফেসবুক পোস্ট দেখে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার কালবেলা পত্রিকার একজন সাংবাদিক ২০ হাজার টাকা এবং সংগঠনটির অপর এক সদস্য ১ হাজার ৩০০ টাকা সহায়তা করেন। প্রথম আলোর শেরপুর প্রতিনিধি মান্নান সোহেলের মাধ্যমে ওই সাংবাদিক সাজু শেখের পরিবারের দুরবস্থার কথা জানতে পারেন। পরবর্তী সময়ে সংগৃহীত অর্থ পরিবারটির হাতে তুলে দেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন।
পরিবারটির আর্থিক ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক, সংগঠনটির চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া এবং অর্থসহায়তাকারীদের সঙ্গে পরামর্শ করে নগদ অর্থের পরিবর্তে সরাসরি ফ্রিজ কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য সংগৃহীত অর্থের সঙ্গে সংগঠনের নিজস্ব তহবিল থেকে বাকি টাকা যোগ করা হয়।
এরই ধারাবাহিকতায় ২৮ হাজার ৪৯০ টাকা মূল্যের নতুন ওয়ালটন ফ্রিজটি সাজু শেখের পরিবারের হাতে তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এসময় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, শেরপুর শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সদর শাখার সদস্য সচিব রকিব আহমেদ অন্তর, ঠাকুরগাঁও শাখার সভাপতি তাপস শর্মা, কার্যকরী সদস্য আফরোজ ও জিহাদ রানাসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে নাম প্রকাশে অনিচ্ছুক একজন দানশীল ব্যক্তি ও সংগঠনের সদস্যরা আর্থিক সহযোগিতা করেছেন।
সংগঠনটির ভাষ্য, মানবিক উদ্যোগ বাস্তবায়নে সবাই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করেন। তবে মহৎ উদ্যোগের সফলতা মহান আল্লাহর পক্ষ থেকেই আসে। এ কাজে সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।